আজ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। গতকাল শুক্রবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো এক বার্তায় আরো জানানো হয়, একই দিন খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে।

উল্লেখ্য, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পবিত্র ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে দেশের চার হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সম্মানি দেওয়া শুরু করছে সরকার।

একই সঙ্গে ৯৯০টি মন্দিরের পুরোহিত, ১৪৪টি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজকসহ উপাসনালয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের এই সম্মানি দেওয়া হবে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, ইমামরা মাসে পাঁচ হাজার টাকা, মুয়াজ্জিনরা তিন হাজার টাকা এবং খাদেমরা দুই হাজার টাকা করে সম্মানি পাবেন। মন্দিরের পুরোহিতরা পাবেন পাঁচ হাজার টাকা, সেবায়েত তিন হাজার টাকা, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পাঁচ হাজার টাকা ও উপাধ্যক্ষ তিন হাজার টাকা এবং গির্জার যাজকরা পাঁচ হাজার ও সহকারী যাজকরা তিন হাজার টাকা করে সম্মানি পাবেন।