চট্টগ্রামে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আমির খসরু মাহমুদ চৌধুরী

চট্টগ্রামে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বর্তমান অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে চট্টগ্রাম এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয় মাঠে নগরীর ৪১টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনে ৫ হাজার ৫৭৫ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

ফ্যামিলি কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু বলেন, বিএনপি সরকার গঠনের শুরুতেই আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করতে পেরে আনন্দিত। বিএনপি দেশ ও জনতার দল। দেশের নারী সমাজের প্রতি সদা শ্রদ্ধাশীল ও বিনয়ী। বাংলাদেশের মহিলারা অধিকাংশই অবেহলিত। দেশের উন্নয়ন হতে তারা প্রায় বঞ্চিত হয়ে থাকে। তাই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবার দেশের অবহেলিত সুবিধা বঞ্চিত নারীদের সুবিধা প্রদানের লক্ষ্যে ফ্যামিলি কার্ড বিতরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তা বাস্তবায়নের উদ্যোগও নিয়েছেন। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে পিছিয়ে পড়া পরিবারগুলোর নারী প্রধানের একাউন্টে সরাসরি ২ হাজার ৫০০ টাকা পৌঁছে যাচ্ছে। এটি তাদের হাতে একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি তৈরি করবে।

তিনি আরও বলেন, জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করেছি। কার্ড বিতরণে কোনো দলীয়করণ যাতে না হয় সে ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। যারা প্রকৃত দরিদ্র ও দিনমজুর তাদের বাছাই করে এই ফ্যামিলি কার্ড ও সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। সরকার দায়িত্ব নেওয়ার মাত্র এক মাসের মাথায় এই নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ জিয়াউদ্দীন এবং জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *